বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত জারির দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার হাসপাতালের প্রধান গেট সংলগ্ন সড়কে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যা কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ সৃষ্টি করছে। গেজেট বাস্তবায়িত হলে আমরা পরিবার-পরিজন নিয়ে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারব, বিশেষ করে এই ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বাজারে।
তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে সরকারের প্রতি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্টেরিলাইজার মেকানিক মো. মনির হোসেন, হিসাব রক্ষক বুলবুল খান, পিএ মো. রাশেদুস সালেকিন, অফিস সহকারী আবুল বাশার ও সাকিল আহম্মেদ, ওয়ার্ড মাস্টার রাসেল ও শহিদুলসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা।

