রাজশাহীর বাগমারা উপজেলায় মাহবুবুর রহমান (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার রামপুর গ্রাম থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহবুবুর রহমান উপজেলার হাটমাধনগর গ্রামের বাসিন্দা। পরিবার জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি কৃষিজমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক সুরতহালে নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত মিলছে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

