রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন শুক্রবার দিনভর নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
শুক্রবার সকাল থেকেই তিনি বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পথে পথে সাধারণ সমর্থকরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন।
এ সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মিলন বলেন যে সারাদেশে ধানের শীষের এই বিপুল বিজয় ঐতিহাসিক। তিনি এই ঐতিহাসিক বিজয়কে দেশের সাধারণ জনগণের জয় হিসেবে অভিহিত করেন। এ ছাড়া তিনি এই বিজয়কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করেন।
শফিকুল হক মিলন তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে এই জয় ব্যক্তিগত কোনো সাফল্য নয় বরং মানুষের কল্যাণে কাজ করার একটি গুরুদায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ধারণ করে তিনি দেশ ও মানুষের সেবায় একনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অনগ্রসর মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকার করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশ নেন। এরপর তিনি নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। ৩৮ হাজার ৩৯১ ভোটের বিশাল ব্যবধানে এই জয় নিশ্চিত করেন মিলন।

